বিশ্বখ্যাত চিপ নির্মাতা ইন্টেল করপোরেশন এবার ইন্টারনেট টিভি চালু করছে। ইতিমধ্যে ইন্টেলে কর্মরত শতাধিক কর্মকর্তা ও তাঁদের পরিবারকে এই টিভি-সেবা ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট টিভির কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইন্টেল।
ইতিমধ্যে বাজারে ইন্টারনেটে টিভি সেবাদাতা অ্যাপল, আমাজন ও গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতেই ইন্টেলের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ইন্টেল মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক এরিক হাগার বলেন, ‘ইন্টারনেট প্ল্যাটফর্মে ইন্টেল মিডিয়াকে প্রতিষ্ঠিত করতে কয়েক বছর ধরেই আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, শুধু চালু করাই নয়, ব্যবহারকারীদের নতুন কিছু অভিজ্ঞতা দিতেই আমাদের এমন উদ্যোগ।’
ব্যবহারকারীদের জন্য নানা ধরনের অফার ঘোষণার পরিকল্পনাও করেছে ইন্টেল। ইন্টেলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা যত হবে, ব্যবহারকারীরা ততই সুবিধা পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠিত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ ব্যবহারকারীদের আস্থা অর্জনে সহায়ক বলেও মনে করছেন তাঁরা। তবে সেবার ক্ষেত্রে বিশেষ কিছু দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।



